একাডেমিক সংস্কারের লক্ষ্যে প্রশাসনের কাছে ৫ দফা দাবি ছাত্রশক্তির

Site Favicon প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:২৭ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:৩৪
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের কাছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ৫ দফা দাবিসমূহ তুলে ধরা হয় এবং এ বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে ছাত্রশক্তির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ৫ দফা দাবিসমূহ তুলে ধরা হয় এবং এ বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

দফাগুলো হলো: থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করতে হবে, টিউটোরিয়াল ও চূড়ান্ত পরীক্ষাসহ সকল পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ নিশ্চিত করতে হবে, সকল বিভাগে মানোন্নয়ন পরীক্ষা ব্যবস্থা চালু করতে হবে, শিক্ষক নিয়োগে ডেমো ক্লাস ও শিক্ষার্থীদের ফিডব্যাক গ্রহণ বাধ্যতামূলক করতে হবে।

জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র নাদিয়া রহমান অন্বেষা বলেন, “শিক্ষার্থীদের নিকট জবাবদিহি নিশ্চিত করতে হলে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা জরুরি। পাশাপাশি শিক্ষক নিয়োগে ডেমো ক্লাস এবং শিক্ষার্থীদের ফিডব্যাক বাধ্যতামূলক করলে পাঠদানের মান স্বাভাবিকভাবেই উন্নত হবে। একইভাবে সকল বিভাগে মানোন্নয়ন পরীক্ষা চালু হলে শিক্ষার্থীরা তাদের শিখন-অর্জনের ঘাটতি পূরণের আরও সুযোগ পাবে। আমরা মানসম্মত শিক্ষা ও একটি সুস্থ একাডেমিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এসব দাবি উত্থাপন করেছি।”

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের একাডেমিক ন্যায্যতা নিশ্চিত করার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উক্ত দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

জাতীয় ছাত্রশক্তির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আয়ান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থিসিস শিক্ষার্থীরা ১৪ হাজার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার টাকা গবেষণা প্রণোদনা পায়; অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায় মাত্র ৭৪০ টাকা। এই বাস্তবতা আমাদের গবেষণাক্ষেত্রে কতটা পিছিয়ে থাকা বুঝিয়ে দেয়।

তিনি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে গবেষণা বরাদ্দ বৃদ্ধি, আধুনিক ল্যাব ব্যবস্থা ও একাডেমিক সংস্কারের দাবি জানান। তার মতে পাঁচ দফা দাবি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়াও জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্য সদস্যরা স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।

আপনার পছন্দ হতে পারে