প্রেমের প্রস্তাবে না বলায় স্কুল শিক্ষিকাকে অপহরণ, বিএনপি নেতা গ্রেপ্তার

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:৫৬ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:৫৮
A+A-
Reset

রংপুরের বদরগঞ্জে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগে লিয়াকত উল্লাহ লুসান নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালপুর ইউনিয়নের একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষিকাকে গোপালপুর বটতলা এলাকায় লিয়াকত উল্লাহসহ ৭-৮ জন মিলে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় তাকে মারধর করা হয়। শিক্ষিকা চিৎকার করলে পদাগঞ্জ বাজারের পাশে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।

পরে আহত অবস্থায় শিক্ষিকা বদরগঞ্জ থানায় গিয়ে অজ্ঞাত পাঁচজনসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পরদিন অসুস্থতার অজুহাতে লিয়াকত উল্লাহ উপজেলা হাসপাতালে ভর্তি হন। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফজার রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লিয়াকত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, স্কুল শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করার পর তাকে অপহরণ করা হয়। মামলার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার পছন্দ হতে পারে