মেট্রোরেল স্টেশনের খালি জায়গায় দোকান ও এটিএম মেশিন ভাড়া দিয়ে বছরে ১০ কোটি টাকা আয় করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক আহমেদ।
সোমবার (৩ নভেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
টিকেটের ব্যাপারে তিনি আরও জানান, এমআরটি পাস, র্যাপিড পাস ও একক যাত্রার টিকেট এখন পর্যাপ্ত আছে। গত মাসে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও এখন আর কোনো ঘাটতি নেই। স্টেশনে থাকা টিকেট ভেন্ডিং মেশিন অনেকগুলো মেরামত করা হয়েছে, অনেকগুলো মেরামত করার কাজ চলছে। আমরা সর্বোচ্চ ভেন্ডিং মেশিন চালু রাখার চেষ্টা করছি। যাত্রী পারাপারের গেটগুলোর সমস্যাও সমাধান করা হয়েছে। আমরা নিয়মিত যাত্রীসেবা উন্নত করার চেষ্টায় আছি।
১৬টি ব্যাংক স্টেশনগুলো এটিএম মেশিন বসিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, কিছু ব্যাংক টিকেট দেওয়ার মেশিন বসার কাজ করছে। এরই মধ্যে ডাচ বাংলা ব্যাংক সবগুলো স্টেশনে টিকেট মেশিন বসিয়েছে।