বলিউডের কিং খান, শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য বাড়তি উত্তেজনা ও চমক। আজ ২ নভেম্বর রোববার দুপুরে, শাহরুখের ৬০তম জন্মদিনে প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হলো তার নতুন সিনেমা ‘কিং’–এর প্রথম ঝলক।
রোববার দুপুরে শাহরুখ নিজেই তার অফিসিয়াল ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম ও এক্স (Twitter)-এ ‘কিং’ সিনেমার ফার্স্ট লুক ভিডিও শেয়ার করেন। ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওর শুরুতেই শোনা যায় শাহরুখের এক গভীর কণ্ঠ, “কতটা খুন করেছি, মনে নেই। ভালো লোক না খারাপ লোক, কখনো জিজ্ঞেস করিনি।”
এই এক সংলাপেই যেন মনে করিয়ে দেয় ‘ডন’, ‘রইস’ ও ‘জওয়ান’-এর কিংবদন্তি চরিত্রগুলোকে।
ফার্স্ট লুকে দেখা যায় শাহরুখকে এক সম্পূর্ণ নতুন স্টাইলে—সাদা চুল, দাড়ি, তীক্ষ্ণ দৃষ্টি আর রাজকীয় অ্যাটিটিউডে ভরপুর। যেন বয়সের সঙ্গে নয়, সময়ের সঙ্গে আরও ভয়ংকর হয়ে ফিরেছেন তিনি।
‘কিং’–কে বলা হচ্ছে একটি স্টাইলিশ অ্যাকশন থ্রিলার, যেখানে শাহরুখ খান অভিনয় করছেন এক ভয়ংকর খুনির চরিত্রে। সিনেমাটির অন্যতম আকর্ষণ—শাহরুখের কন্যা সুহানা খান। এই প্রথমবার বড় পর্দায় দেখা যাবে বাবা-মেয়েকে একসঙ্গে।
সিনেমাটির তারকাবহুল কাস্টে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, অরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, অভয় ভার্মা এবং রানি মুখার্জির মতো তারকারা। জানা গেছে, অভিষেক বচ্চনকে দেখা যাবে মূল ভিলেনের ভূমিকায়, আর রানি মুখার্জি থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
সিনেমার টাইটেল শেয়ার করে শাহরুখ লিখেছেন—
“ ‘শত দেশে বদনাম, দুনিয়া দিয়েছে একটাই নাম , ‘কিং’।’ সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে।”
বর্তমানে সিনেমাটির শুটিং চলছে পূর্ণোদ্যমে, এবং আগামী ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।
শাহরুখ খানের এই নতুন কাজ নিয়ে বলিউডজুড়ে এখন তীব্র উত্তেজনা। কারণ বাদশাহ ফিরে এসেছেন, এবার আরও চমক প্রবণ রূপে।