গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তির পর সাড়া জাগানো এই সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ২৫ সেপ্টেম্বর। দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ানো ছবিটি মুক্তি পায় বাংলাদেশে। গত শুক্রবার ( ৩১ অক্টোবার) সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে।
ইন্দোনেশিয়ান নির্মাতা ‘হাদ্রা দায়েং রাতু’ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবী, প্রমুখ।
ধর্মীয় বিশ্বাস, মানব-পাপ ও প্রতিশোধের ছায়ায় গড়া এক ভয়ংকর আধ্যাত্মিক কাহিনি ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। গল্পের কেন্দ্রে রয়েছে ইউলি নামের এক তরুণী, যার জীবনে শৈশব থেকেই ঘনিয়ে আসে অন্ধকার। মায়ের রহস্যজনক মৃত্যু ও বাবার পরিত্যাগের পর সে এক ধনী পরিবারের বাসায় কাজ নেয়—যেখানে লুকিয়ে আছে তার অতীতের ভয়ানক স্মৃতি। প্রথম দিন হতেই সেই বাড়িতে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ও আতঙ্কজনক ঘটনা।
ধীরে ধীরে প্রকাশ পায় পরিবারের ইতিহাসে লুকানো এক কালো জাদুর অধ্যায়—যেখানে ইউলির মায়ের ওপর হয়েছিল নির্মম অন্যায়। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা ইউলি তাই ডেকে আনে অতিপ্রাকৃত শক্তিকে, আর শুরু হয় ভয় ও পাপের ভয়ংকর খেলা।
‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’—একটি এমন হরর গল্প, যেখানে ভয় শুধু অন্ধকারে নয়, বরং মানুষের হৃদয়ের গভীরেও।