ইভেন্টবক্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বাংলাদেশ ২০২৫’-এ রানার্সআপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র নৃত্য সংগঠন নাট্যম। এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের জন্য সংগঠনটি ৩০ হাজার টাকা পুরস্কার অর্জন করেছে। এছাড়া নাটক বিভাগের বিচারকের সঙ্গে পরবর্তী প্রজেক্টে কাজ করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে সংগঠনটি।
গত ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ঢাকার গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এই দুই দিনব্যাপী প্রতিযোগিতা। এতে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় প্রাথমিক পর্বে অংশ নেয়। সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে ১৫টি দল সেমিফাইনালে এবং পরবর্তীতে ৮টি দল নির্বাচিত হয় গালা পারফরম্যান্সের জন্য।
প্রতিযোগিতায় নৃত্য, পুতুলনাট্য, গান ও পেইন্টিং—এই চারটি বিভাগে অংশ নেয় নাট্যম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দলের ২৭ জন সদস্যের পরিবেশনায় দর্শক ও বিচারকদের প্রশংসা কুড়ায় তারা।
১৫ মিনিটব্যাপী নাট্য পরিবেশনার ভাবনা, পরিকল্পনা ও কোরিওগ্রাফি করেন নাট্যমের প্রতিষ্ঠাতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আকাশ সরকার, যিনি বর্তমানে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। সহকারী নির্দেশনায় ছিলেন নাট্যমের বর্তমান সভাপতি মোহনা হাসান।
এ বিষয়ে নাট্যমের উপদেষ্টা আকাশ সরকার বলেন, “আমাদের পরিবেশনায় অংশ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বিষয়বস্তু ছিল বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা—যেখানে গ্রামীণ জীবনের সুর, নাচ, গান ও নাট্যের মেলবন্ধন তুলে ধরা হয়েছে।”