ঢাবির টিএসসির এক নামকরা কুকুরের নাম অভ্র। ক্যাম্পাসের প্রায় সবারই চেনা মুখ। ওকে যারা দেখেছে, তারা জানে, অভ্র কিন্তু কোনো সাধারণ কুকুর নয়। ও যেন পুরো ক্যাম্পাসেরই ‘আলফা ডগ’। অভ্র প্রভাবশালী, আত্মসম্মানী এবং একদম নিজস্ব চরিত্রের অধিকারী এক আশ্চর্য প্রাণী।
সেদিন ভোরে অভ্র পথ হারিয়ে টিএসসি থেকে চলে এসেছিল ভিসি চত্বরে। শিক্ষার্থী কারীব চৌধুরী জানান, ‘অভ্র বেচারা খুব বিচলিত ছিল, কোথায় যাবে বুঝতে পারছিল না। আমরা তখন একটা রিকশা ডেকে বললাম, ‘অভ্র, রিকশা এসেছে—ওঠো।’ অবাক হওয়ার মতো ব্যাপার হলো, সে পা দুটো মেলে রিকশায় উঠল! তারপর আমরা রিকশাওয়ালাকে বললাম, ‘টিএসসি নামিয়ে দিও।’ অভ্র রাজকীয় ভঙ্গিতে রিকশায় চেপে বসল, যেন ঢাবির কোনো শিক্ষার্থী যাচ্ছেন তার বিভাগে!
খোঁজ নিয়ে জানা গেছে, অভ্র শুধু একটা কুকুর নয়, সে অনেক ছাত্রছাত্রীর বন্ধু, সহচর, কখনো হয়তো মানসিক সাপোর্টও। টিএসসির চা-চক্র, গান-বাজনা, মিছিল ইত্যাদি সব জায়গাতেই অভ্রর উপস্থিতি লক্ষ করা যায়। অনেকে মজা করে বলে, ‘অভ্র মানুষের ভাষা বোঝে, শুধু উত্তর দেয় না!’
অ্যানিমেল ওয়েলফেয়ার অব ঢাকা ইউনিভার্সিটির সদস্য মিশকাতুল মাশিয়াত জানান, ‘২০১৭ সাল থেকে অভ্র ক্যাম্পাসে আছে। ছোটবেলায় ও একদম চিকন ছিল। এখন মানুষের ভালোবাসা আর প্রতিদিনের বিস্কুট-চিপস খেয়ে ওজন দাঁড়িয়েছে প্রায় ৩৬ কেজি!’