বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে, নদীর বালু দখল করে, অন্যের জমি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদেরকে অনেক চক্রান্তের মধ্য দিয়ে হাঁটতে হচ্ছে। আগামী নির্বাচনে রাজপথ ফুল বিছানো হবে না, অনেক কাঁটা-কণ্টক পথ অতিক্রম করতে হবে। যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছেন। শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। মানুষের কথা বলার স্বাধীনতা, রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করার স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল।’
‘এই ভায়াবহ পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া লড়াই করেছেন দীর্ঘদিন। তারপরও তাকে বংলাদেশ থেকে সরাতে পারেনি এবং আত্মসমর্পন করাতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে দলের হাল ধরেছিলেন জনাব তারেক রহমান। শহীদ জিয়া যে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন সেই পতাকা বেগম জিয়া ধারণ করেছেন, পরে তা তারেক রহমান ধারণ করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছেন।’