জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৪ তম আবর্তনের নবীনতম শিক্ষার্থীদের জন্য প্রতি বছরের ন্যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) আয়োজন করতে যাচ্ছে ‘নবীনবরণ ও বিতর্ক কর্মশালা এবং ১৮ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে জানান জেইউডিও এর সভাপতি মির্জা সাকি।
তিনি জানান, আগামীকাল ২৮ অক্টোবর, সোমবার, দুপুর ২টায় শুরু হতে যাচ্ছে আয়োজনের প্রথম পর্ব। অর্থাৎ, নবীনবরণ ও বিতর্ক কর্মশালা। আয়োজনে থাকছে বিতর্ক কর্মশালা, পাবলিক স্পিকিং, শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক, ক্যারিয়ার উন্নয়ন এবং সাংস্কৃতিক আয়োজন ।
কর্মশালার শুরুতে নবীন বিতর্ক কর্মশালায় অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী ও উপস্থাপিকা মৌসুমী মৌ, উপস্থাপক ও আইনজীবী মানজুর আল মতিন। এছাড়াও থাকবেন জেইউডিও’র দেশবরেণ্য বিতার্কিক এবং সংগঠকবৃন্দ।
এছাড়াও মির্জা সাকি জানান, নবীন বরণ ও বিতর্ক কর্মশালা-র আহ্বায়ক হিসেবে থাকবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২ ব্যাচের নাজমুল ওয়ারাত তালহা, এবং একই ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেললে আরও জানা যায় আয়োজনের ২য় পর্বে রয়েছে ১৮ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। যেখানে বিশ্ববিদ্যালয়ের ৩৭ টি বিভাগই প্রতিনিধিত্ব করবে গত বছরগুলোর ন্যায়। ১৪ নভেম্বর বাংলা এশিয়ান সংসদীয় বিতর্ক, ১৫ নভেম্বর ইংরেজি ব্রিটিশ সংসদীয় বিতর্ক এবং ১৬ নভেম্বর সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানে আয়োজিত হবে।
১৮ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর আহ্বায়ক হিসেবে থাকবেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৫১ ব্যাচের সুমাইয়া ইসলাম সামিয়া, এবং ৫২ ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থী প্রণয় সাহা।