ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ, ফায়ার সার্ভিস সাবস্টেশন স্থাপনসহ সাত দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন। তাঁদের সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব এবং সদস্য রাফিজ আহমেদ ও নূর উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন, চিকিৎসা ব্যবস্থার আধুনিকীকরণ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ফায়ার সার্ভিস সাবস্টেশন স্থাপন, পার্শ্ববর্তী এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, টেকসই ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, নারী শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়ামে পৃথক নিরাপদ ব্যবস্থা গ্রহণ, নিয়োগ বোর্ডে দলীয় প্রভাবমুক্ত স্বচ্ছতা বজায় রাখা এবং আবাসিক হল ও ক্যাম্পাসের খাবারের মান উন্নয়ন ও নিয়মিত তদারকি নিশ্চিতকরণ।
স্মারকলিপিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির আশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন উপস্থাপিত দাবিগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেবে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় আরও আধুনিক, সুন্দর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।