তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের একপাশে মানববন্ধন করেন তারা। মানববন্ধনটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) জি এম রায়হান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, গত ১৭ বছর খুনি হাসিনা সরকার বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিম কায়েম করতে গিয়ে বারবার বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে বাংলাদেশকে ভারতের একটি রাজ্যে পরিণত করেছিলো। যখনই ভারতের সাথে কোনো এগ্রিমেন্ট করা হতো তখনই তারা বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তাদের প্রভু ভারতের স্বার্থ হাসিল করতে দিতো। যার কারণে আজকে উত্তরবঙ্গের মানুষ জাতীয় অর্থনীতিতে পিছিয়ে আছে। আমরা তা আর হতে দিব না।
এছাড়া মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জীব বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক মাফরুহী সাত্তার প্রমুখ।