জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ১৬ জনকে সাময়িক বহিস্কার

Site Favicon প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১৮:২২ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৯:০৬
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ নং ছাত্র হলে নবীন শিক্ষার্থীদের (৫৪ তম ব্যাচ) র‍্যাগিংয়ের ঘটনায় ১৬ জনকে সাময়িক বহিস্কার করেছে প্রশাসন।

আজ সোমবার এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

বহিস্কৃতরা হলেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোঃ তানভীর রহমান মুন, মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, আবু তালহা রনি, রাজিব শেখ, এস, এম, মাহামুদুন্নবী, মোঃ আবু সাইদ, জান্নাতুল আদন, আহম্মেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মোঃ মাহামুদুল হাসান ফুয়াদ, মোঃ আল হাসিব, মোঃ আব্দুল্লাহ আল নোমান, মোঃ রাকিবুল হাসান নিবির, মোঃ জাহিদুল ইসলাম, উশান্ত ত্রিপুরা। তারা সবাই প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী।

এর আগে গতকাল রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর হলের (শেখ রাসেল হল) ৪০৩ নম্বর কক্ষে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গতকাল রাতে নবীনদের প্রথমে রফিক-জব্বার চত্বরে ডাকা হয়। পরে তাঁদের ২১ নম্বর হলের ৪০৩ নম্বর কক্ষে যেতে বলা হয়। কক্ষে প্রবেশের পর নবীনদের দুই সারিতে দাঁড় করিয়ে মোবাইল ফোন বন্ধ রাখতে বলা হয়। দরজা-জানালা বন্ধ করে সব আলো নিভিয়ে দেওয়া হয়। ১৫ থেকে ২০ মিনিট ধরে অন্ধকার কক্ষে দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় ‘হলের নিয়মকানুন’ ও ‘শৃঙ্খলা মেনে চলা’ বিষয়ে নানা প্রশ্ন করেন ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা।

তবে অভিযুক্ত শিক্ষার্থীরা র‍্যাগিংয়ের বিষয়টি অস্বীকার করেছেন। তাঁরা বলছেন, নবীনবরণ অনুষ্ঠানের আলোচনার জন্য জুনিয়রদের ডাকা হয়েছিল। গরমের কারণে আলো নেভানো ছিল আর পাশের কক্ষে পরীক্ষার্থী থাকায় শব্দ এড়াতে দরজা-জানালা বন্ধ রাখা হয়েছিল।

অভিযোগের বিষয়ে ২১ নম্বর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বোরহান উদ্দিন বলেন, ‘আমরা হল সংসদের প্রতিনিধি, কিছু শিক্ষার্থী, হলের কয়েকজন স্টাফসহ তাদের হাতেনাতে ধরেছি। এটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী একটি কাজ। বিস্তারিত যাচাই করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসন বরাবর আবেদন করব।’

আপনার পছন্দ হতে পারে