আরও একবার ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী দেখালো বাংলাদেশ। বোলারদের চেষ্টা আরও একবার গেলো বিফলে। ১৯১ রানের মামুলি লক্ষ্যও তাড়া করতে পারলো না মেহেদী হাসান মিরাজের দল।
আবুধাবিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৮১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ হারের লজ্জা দিলো আফগানরা।
প্রথমে ব্যাট করে ১৯০ রানে অলআউট হয়েছিল আফগানিস্তান। জবাবে ১০৯ রানে সব উইকেট হারায় বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। আরও একবার ব্যাট হাতে ব্যর্থ তানজিদ হাসান তামিম। ওমরজাইয়ের বলে ইনিংসের প্রথম ওভারেই পুল খেলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য করে। দুই নিতে গিয়ে রানআউটের ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্ত (৭)।সাইফ হাসান আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু আপারকাটের লোভ সামলাতে পারেননি। ২৩ বলে ৩ চার আর ১ ছক্কায় ২২ করে ওমরজাইয়ের বলে সাজঘরে ফেরত আসেন তিনি। ওমরজাই তার তৃতীয় শিকার বানান মেহেদী হাসান মিরাজকে। ৪ রান করেই এলবিডব্লিউ হন বাংলাদেশ অধিনায়ক। ৫০ রানে ৪ উইকেট হারায় দল।
জাকের আলী আর তাওহিদ হৃদয় মিলে সেই ধাক্কা অনেকটা কাটিয়ে উঠেছিলেন। কিন্তু হৃদয়ের ভুলে ভাঙে ২৯ রানের জুটি। রশিদ খানকে বড় শট হাঁকাতে গিয়ে পরিষ্কার বোল্ড হন হৃদয়। ৩৪ বলে ২৪ রানের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকান তিনি।
৭৯ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে তোলার চেষ্টা করেননি কেউ। নুরুল হাসান সোহান (১৫) রশিদ খানকে বিগ শট হাঁকাতে চেয়ে বোল্ড, তানজিম সাকিব (০) এলবিডব্লিউ। জাকের আলীও ৪৩ বল খেলে মাত্র ১৮ করে ফেরেন সাজঘরে। একশর আগে (৯৯ রানে) ৮ উইকেট হারিয়ে পরাজয় নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
রশিদ খান মাত্র ১৭ রান দিয়ে নেন ৫টি উইকেট। এর আগে ৪৪.৫ ওভারে আফগানিস্তানকে ১৯০ রানে গুটিয়ে দিয়েছিলেন মিরাজ-রিশাদরা।