শেষ মুহূর্তের গোলে হারের তেতো স্বাদ বাংলাদেশের

আদনান সারওয়ার

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ১৮:২২ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ২১:৫৪
A+A-
Reset

ঢাকা জাতীয় স্টেডিয়ামে, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং, চায়নার সাথে মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও পয়েন্ট ছাড়া মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। দুই গোলে পিছিয়ে থেকেও অসাধারণ প্রত্যাবর্তনে সমতায় ফিরেছিল জামাল ভূঁইয়ারা। কিন্তু নাটকীয় সমাপ্তি রচনা করে শেষ হাসি হেসেছে হংকং, চায়না। রাফায়েল মার্কিসের হ্যাটট্রিকে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

ম্যাচের শুরুতে চাপে থাকলেও ১৩তম মিনিটে লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর চমৎকার শটে এগিয়ে যায় বাংলাদেশ। লাল-সবুজ জার্সিতে এ নিয়ে চার ম্যাচে দুই গোল করলেন এই তারকা মিডফিল্ডার।তবে লিড নিয়ে বিরতিতে যেতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাকিব হোসেনের ভুলে বল গোলমুখে পড়ে যায় এবং সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন এভারটন কামারগো।

বিরতির পর মাঠে নামেন জামাল ভূঁইয়া, সামিত শোম ও ফাহমিদুল। তবে ৫০ মিনিটেই বাংলাদেশের রক্ষনভাগের ভুলে গোল করে হংকংকে এগিয়ে দেন রাফায়েল মার্কিস। ৭৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে সহজ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

তবে এক অন্যরকম বাংলাদেশকে দেখা তখনো বাকি ছিল দর্শকদের। ৮৪ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে ব্যবধান কমান তরুণ ফরোয়ার্ড মোরসালিন। নাটকীয় সমতার স্বপ্নে বিভোর তখন পুরো স্টেডিয়াম।

৯৯তম মিনিটে কর্নার থেকে শামিত শোমের অসাধারণ হেডে বাংলাদেশ সমতায় ফেরে। গ্যালারিতে তখন বাধভাঙা উল্লাস,বদলে যাওয়া বাংলাদেশের দৃঢ় মানসিকতার প্রতিফলন যেন দেখালেন সোমিত, হামজা সহ পুরো দল। দর্শকেরা জয় না পেলেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ড্র নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায়।
কিন্তু কে জানতো এই হাঁসি বেশিক্ষণ স্থায়ী হওয়ার নয়। নাটকের ক্লাইমেক্স পরিবর্তন করে যোগ করা সময়ের ১১তম মিনিটে আবারও হাজির হন সেই মার্কিস। ডি-বক্সের ভেতর সুযোগ বুঝে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, ভেঙে দেন বাংলাদেশের হৃদয়।

ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। বিশেষ করে শেষদিকে অসাধারণ প্রত্যাবর্তন দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। গোলপোস্টে একাধিক সেভ করেছেন মিতুল মারমা,তবে রক্ষণভাগের একাধিক ভুলে ম্যাচ হাতছাড়া হয়েছে। এই হারে হতাশ হলেও সমর্থকরা গর্বিত বাংলাদেশের লড়াইয়ের মানসিকতায়। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আরও ভালো করার প্রত্যাশার কথা ব্যক্ত করেন তারা।

ফলাফল: বাংলাদেশ ৩–৪ হংকং,চায়না
বাংলাদেশের গোল: হামজা চৌধুরী (১৩’), মোরসালিন (৮৪’), সামিত শোম (৯০+৯’)
হংকংয়ের গোল: এভারটন কামারগো (৪৫+৫’), রাফায়েল মার্কিস (৫০’, ৭৪’, ৯০+১১’)

আপনার পছন্দ হতে পারে