সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ১৮:১৪
A+A-
Reset

আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।একসময় বাংলাদেশ ছিল ওয়ানডেতে তুলনামূলক ভালো দল। কিন্তু সেব দলটিই ২০২৩ এবং ২০২৪ সালের দুটি ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছিল আফগানিস্তানের কাছে। এবার আবারও দুই দল ওয়ানডেতে মুখোমুখি। এরই মধ্যে প্রথম ম্যাচে আফগানদের কাছে হেরে গেছে বাংলাদেশ।বুধবার প্রথম ওয়ানডেতে আফগানিস্তান ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। ২২১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ৪৭.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

অন্যদিকে বাংলাদেশ দলের সমস্যাগুলো আগের মতোই রয়ে গেছে। গত এক বছরে তারা ওয়ানডেতে জিতেছে মাত্র দুটি ম্যাচ। বুধবারও ভালো সূচনা নিয়েও সফট ডিসমিসালের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়। চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েও বাকি ব্যাটাররা রশিদ খানের নিখুঁত গুগলিতে কুপোকাত হন। মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও নুরুল হাসান— সবাই রশিদের শিকার হন এলবিডব্লিউ হয়ে।

আজকের ম্যাচে জয় পেলে আফগানিস্তান তৃতীয়বারের মতো টানা ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশের বিপক্ষে, আর হারের মুখে পড়লে বাংলাদেশ আবারও হারাবে আত্মবিশ্বাসের ভরসা।

দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান অপরিবর্তিত দল নিয়েই নামতে পারে। তবে বাংলাদেশ দলে রিশাদ হোসেনকে ফিরিয়ে এনে স্পিন আক্রমণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য একাদশ

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, এএম গজনফার, নানগেলিয়া খারোতে, বাশির আহমদ।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, নুরুল হাসান (উইকেটরক্ষক), তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আপনার পছন্দ হতে পারে