আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া স্পেশাল বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু।
তিনি বলেন, বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য ৫টি বাসের আয়োজন করেছে জাকসু। শুক্রবার সকাল ৬.৪৫ মিনিটে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরীক্ষার্থীদের জন্য সকালে লেক্সাস বিস্কুট ও পানিরও ব্যবস্থা করবেন তারা।
জাকসুর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পরীক্ষার্থীরা। এবারের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করছেন এমন একজন আকিমুল ফেরদৌস বলেন, ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের বাসে করে পরীক্ষা দিতে যাব এটা আনন্দের সংবাদ। লোকাল বাসে করে পরীক্ষা দিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হতে পারতো। সে বিষয়টি থেকে আপাতত চিন্তামুক্ত লাগছে। জাকসুর প্রতিনিধিদের ধন্যবাদ জানাই।