ফ্রিডম ফ্লোটিলা নৌযান থেকে অপহৃত বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমের মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শহিদুল আলমকে মুক্ত করে বাংলাদেশে ফেরত নিয়ে আসার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দখলদার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। বছরের পর বছর তারা অমানসিক নির্যাতন করছে। বিশ্ব বিবেক তাদের বিষয়ে নিশ্চুপ। ফ্রিডম ফ্লোটিলা করে যখন বিশ্বের বিভিন্ন দেশের নৌবহর তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলো তখন তাদেরকে আটক করে তারা। এ যাত্রায় বাংলাদেশের গর্ব শহিদুল ইসলামও ছিলেন। তাকেও আটক করা হয়েছে। অবিলম্বে শহিদুল আলমকে মুক্ত করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য অন্তবর্তীকালীন সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি।
সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আমরা দেখেছি যে সাত দশকের বেশি সময় ধরে ইসরাইলি বর্বর বাহিনী কিন্তু ফিলিস্তিন গাজায় গণহত্যা চালাচ্ছে এবং জাতিগত নিধনে তারা মিশনে নেমেছে। সেই প্রতিবাদে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবসময় শিক্ষার্থীরা সচেতন ছিলাম। আমরা দেখেছি সুমুদ ফ্লোটিলা গাজায় যে মানবিক যে মিশনে গিয়েছিল সেই নৌযান থেকে বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেফতার করেছে ইসরাইল বাহিনী। তারা তাকে অপহরণ করেছে এবং কোথায় নিয়ে গেছে সেটার সন্ধানও নেই। আমরা এই শহীদুল আলমের মুক্তির দাবিতে আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনেঅংশগ্রহণ করছি।
অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমার আহ্বান যে তারা যেন কূটনৈতিক প্রক্রিয়ায় অতি দ্রুত শহিদুল আলমকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যাবস্থা করেন।