বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জের কাশিয়ানীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কাশিয়ানীর হোগলাকান্দি-চকবন দোলা গ্রামে কুমার নদে নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়।
নৌকা বাইচ দেখতে রৌদ্রোজ্জ্বল বিকেলে নদীর দুই পাড়ে মানুষের ঢল নেমেছিল। শিশু, বৃদ্ধ, নারী থেকে শুরু করে নানা শ্রেণি ও পেশার মানুষের সমাগমে উৎসবে পরিণত হয়েছিল কুমার নদের দুই তীর।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন এলাকার দলগুলো নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে মরিয়া ছিল। প্রতিটি দাঁড় মারার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছিল স্লোগান আর ঢোলের তালে তালে মাঝিদের উদ্দীপনামূলক গান। দর্শকরা উৎসাহ দিতে দিতে নদীর তীরে নাচে-গানে মেতে উঠেছিল।
প্রতিযোগিতা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সমাজসেবী আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক সাগর মজুমদার, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুটুল বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর সালাহউদ্দীন রাজ্জাক।
উদ্যোক্তা ও সাংবাদিক মো. গিয়াসউদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আয়োজকদের মতে, এ ধরনের নৌকা বাইচ গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখে এবং নতুন প্রজন্মকে গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
উৎসবকে ঘিরে আশপাশের এলাকায় মেলা বসে যায়। স্থানীয় পিঠা, খেলনা, বাঁশির সুর আর নানা রকম দোকানপাট যেন আরও বাড়িয়ে দিয়েছিল আনন্দের রঙ। নারী-পুরুষের সমান অংশগ্রহণে এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, হয়ে উঠেছিল এক মিলনমেলা।