সাজেক থেকে ফেরার পথে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

Site Favicon প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৪
A+A-
Reset

খাগড়াছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাজেকে ওঠার পথে চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

রিংকি খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও ১১ জন শিক্ষার্থী আহত হন। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি ও পুলিশ তাঁদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে নেমে আসে শোকের ছায়া। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এসএম মাহবুবুর রহমান এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দূরপাল্লার ট্যুর স্থগিত ঘোষণা করেন। পাশাপাশি ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

খুবির ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, “এই ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। প্রশাসন সার্বক্ষণিকভাবে খাগড়াছড়ি ও বান্দরবানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।”

গত ১৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ৩৮ জন শিক্ষার্থী, বিভাগের প্রধানসহ চারজন শিক্ষক ও দুইজন সাপোর্টিং স্টাফ সেশনাল ট্যুরে অংশ নেন।

আপনার পছন্দ হতে পারে