রাকসু নির্বাচন কমিশনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ঘন্টাব্যাপী আলোচনা

Site Favicon প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৫
A+A-
Reset

রাবি প্রতিনিধি-

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিভিন্ন বিষয়কে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঘন্টাব্যাপী আলোচনাসভা করেছে শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ বেলা ১১টা থেকে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ বৈঠকটি হয়।

এ সময় সেখানে সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, বর্তমান সভাপতি অধ্যাপক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

সংগঠনটির সভাপতি অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘আমরা ডাকসু ও জাকসুতে অনেকগুলো অসঙ্গতি দেখেছি। এ অসঙ্গতিগুলো এড়াতে আমরা এখানে আমরা নির্বাচন কমিশনকে কিছু পরামর্শ দিয়েছি। আমরা বলেছি নির্বাচনে যেন কোনোভাবেই নির্বাচনকে অছাত্র ও বহিরাগতরা প্রভাবিত করতে না পারে এবং আধুনিক পদ্ধতির ওএমআরে ভোট গণনায় যেন কোনো অস্বচ্ছতা না থাকে এমন কিছু পরামর্শ দিয়েছি।’

সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা এর আগে চেয়েছিলাম, এই নির্বাচনটা যেন পিছিয়ে দেওয়া হয়। নির্বাচনটা আরেকটু পিছিয়ে দিলে আরও সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হত। কিন্তু সেটা সম্ভব হয়নি। এই জায়গায় ছোট্ট একটা কষ্ট রয়ে গেছে। তবে মাত্র কয়েকদিন আগেই ডাকসু ও জাকসুতে যে ধরনের ঘটনা ঘটেছে, সেই অঘটন যেন এখানে না ঘটে, সেই আশঙ্কার জায়গা থেকে আমরা বারবার আসছি পরামর্শ দেওয়ার জন্য। ভোট বয়কটের পরিস্থিতি যেন না তৈরি হয়।’

তাদের দাবির বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম অংশীজন তারা। এই জায়গা থেকে নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও স্বচ্ছভাবে পরিচালনা করতে তারা আমাদের কাছে কিছু পরামর্শ দিয়েছেন। আমরা তাদের বিষয়টি ইতিবাচকভাবেই দেখছি।’

আপনার পছন্দ হতে পারে