জাবিতে আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস ২০২৫ উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাইক্রোবায়োলজি বিভাগে উদযাপিত হলো আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস ২০২৫। অনুষ্ঠানটিতে অংশ নেন বিভাগের বর্তমান সকল শিক্ষার্থীরা।

Site Favicon প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৬ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৪
A+A-
Reset

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে নানা কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মাইক্রোবায়োলজি বিভাগে অনুষ্ঠানটি চলেছে।

 

দিবসটি উপলক্ষে বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন এবং আলোচনা করেন আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবসের ইতিহাস, এ দিবস পালনের গুরুত্ব এবং আমাদের দৈনন্দিন জীবনে অণুজীবের অপরিসীম ভূমিকা নিয়ে। তাঁরা খাদ্য উৎপাদন, চিকিৎসা, শিল্প, পরিবেশ সংরক্ষণ ও জীবপ্রযুক্তিতে অণুজীবের বহুমুখী অবদানের বিষয়টি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

 

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যেখানে শিক্ষার্থীরা হাতে ব্যানার নিয়ে অণুজীববিজ্ঞানের গুরুত্ব তুলে ধরেন।

 

শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে শুধু দিবসটি উদযাপনই করেনি, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে অণুজীবের অপরিহার্য অবদান সম্পর্কে সচেতনতা অর্জন করেছে। অনুষ্ঠানের সমাপনীতে শিক্ষকমণ্ডলী তরুণ মাইক্রোবায়োলজিস্টদেরকে আরও আগ্রহী হতে এবং মাইক্রোবায়োলজির জ্ঞান সমাজে ছড়িয়ে দিতে উৎসাহিত করেন।

 

উল্লেখ্য, ২০০৬ সালে যাত্রা শুরু করা মাইক্রোবায়োলজি বিভাগ বর্তমানে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর (এম.এস), এমফিল ও পিএইচডি প্রোগ্রাম পরিচালনা করছে। ইতোমধ্যে শতাধিক শিক্ষার্থী এখান থেকে ডিগ্রি অর্জন করে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান (আইসিডিডিআরবি, অ্যাটমিক এনার্জি কমিশন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি) এবং প্রধান ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করছেন। অনেকে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বিভাগটিতে আধুনিক গবেষণাগার, শ্রেণিকক্ষ ও ১৫ জন পূর্ণকালীন শিক্ষক রয়েছেন, যাদের অনেকেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, বেলজিয়াম ও জাপান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। মলিকুলার মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, পরিবেশ, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে গবেষণা চালিয়ে যাচ্ছে বিভাগটি এবং আন্তর্জাতিক জার্নালে বহু গবেষণা নিবন্ধ প্রকাশ করেছে।

আপনার পছন্দ হতে পারে