বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের অধীন ২৪ বিএনসিসি ব্যাটালিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সেনা প্লাটুনের নতুন সার্জেন্ট হয়েছেন মোসাদ্দেক হোসেন ও অদিতি ঢালী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সুন্দরবন রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক সার্জেন্ট রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আব্দুল বারী তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
গত আগস্টে অনুষ্ঠিত পদোন্নতি পরীক্ষার লিখিত, ড্রিল, অস্ত্র পরিচালনা, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁরা সার্জেন্ট পদে চূড়ান্তভাবে মনোনীত হন। আগামী এক বছরের জন্য তাঁরা সুন্দরবন রেজিমেন্টের ২৪ নং ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইল ও ফিমেল প্লাটুনের সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
সার্জেন্ট মোসাদ্দেক হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সার্জেন্ট অদিতি ঢালী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
নিজের অনুভূতি জানিয়ে সার্জেন্ট মোসাদ্দেক হোসেন বলেন,সার্জেন্ট হিসেবে সুন্দরবন রেজিমেন্ট আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব। ইসলামী বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। আমার লক্ষ্য থাকবে, ক্যাডেটরা এথিকস বজায় রেখে নিজেদের আরও দক্ষ ও চৌকস প্রমাণ করতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।
এছাড়া ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন মোঃ মহিউদ্দিন (ক্যাডেট নং ২৩২৪০৬৫২) ও সুইটি পাল (ক্যাডেট নং ২৩২৪০৮০২)। ক্যাডেট থেকে ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন মোঃ নাফিজ আহমেদ (ক্যাডেট নং ২৫২৪০৬৫১), উম্মে হাবীবা রৌজা (ক্যাডেট নং ২৫২৪০৮০২) এবং মায়িশা ফারজানা (ক্যাডেট নং ২৫২৪০৮০৫)।
মোসাদ্দেক হোসেন ও অদিতি ঢালী এর আগে একটি ব্যাটালিয়ন ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এছাড়া তাঁরা ২০২৩ সালের বিজয় দিবস, ২০২৪ সালের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস প্যারেড, ২০২৫ সালের স্বাধীনতা দিবস প্যারেড এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।