জাকসুতে নিজেকে নিজে ভোট না দিয়েও সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হলেন কিরণ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৫
A+A-
Reset

জাবি প্রতিনিধি
জাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন মাহমুদুল হাসান কিরণ। নির্বাচনের কয়েকদিন আগে তিনি তার পেশাগত কাজে পাড়ি জমান মালয়েশিয়া। ফলে নির্বাচনে নিজের ভোটটাও নিজেকে দিতে পারেননি তিনি।

তবে জাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে সবচেয়ে বেশি ৫ হাজার ৭৭৮ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের মো. শফিউজ্জামান পেয়েছেন ১ হাজার ২২১ ভোট।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্রীড়া সম্পাদক পদে নবনির্বাচিত মাহমুদুল হাসান কিরণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ ফুটবল দলের অনূর্ধ্ব-২৩ এর খেলোয়াড়। ২৩ বছর বয়সী এই ফুটবলার রহমতগঞ্জ মুসলিম ফ্রেডস সোসাইটি, বসুন্ধরা কিংস, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আরাবাগ ক্রীড়া সংঘে খেলেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে খেলার মাঠে বারবার চমক দেখিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নেন তিনি।এছাড়া কিরণ ক্রীড়া অঙ্গনের মানুষ হওয়ায় ক্রীড়া সম্পাদক পদের জন্য তিনি সবচেয়ে যোগ্য এমন ধারণা থেকেই শিক্ষার্থীরা তাকে ভোট দিয়েছেন বলে মনে করেন অনেক শিক্ষার্থী। এছাড়া নির্বাচনী প্রচারণায় কিরণ যে ইশতেহার দিয়েছিলেন সেগুলোও ভোটারদের নজর কাড়ে বলে মনে করেন অনেকে।

মাহমুদুল হাসান কিরণ বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন। দেশের বাইরে থাকার কারণে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

আপনার পছন্দ হতে পারে