জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার দুপুরে শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন বলে রিটকারীর আইনজীবী মানজুর আল মতিন জানান।
রায়ের পর অমর্ত্য রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট আমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে। আমার এখন নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। ভোটারদের প্রতি আমার প্রত্যাশা, আপনারা সবাই ভোটকেন্দ্রে ভোট দিতে আসবেন।”
সম্প্রীতির ঐক্য’ প্যানেলের এই প্রার্থীর প্রার্থিতা বাতিলের আদেশের স্থগিতাদেশ চেয়ে সোমবার রিটটি করা হয়েছিল। রিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির।
শনিবার দুপুরে জাকসুর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অমর্ত্যর প্রার্থিতা বাতিলের বিষয়টি জানানো হয়।