জাকসুর ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থীতা বহাল রাখার দাবিতে আইনি নোটিশ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩০
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থীতা বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছে ড. কামাল হোসেন এন্ড অ্যাসোসিয়েটস এর আইনজীবী সারা হোসাইন। অমর্ত্য রায়ের প্রার্থীতা ফেরত না দেওয়া হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়ের করার হুমকি দেন তিনি।
আজ রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ নোটিশ পাঠিয়েছেন তিনি।
নোটিশে বলা হয়, অমর্ত্য রায় অতীতে ক্যাম্পাসে ধর্ষণবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় তাকে হয়রানির শিকার হতে হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাকে এক বছরের জন্য সাময়িক বরখাস্ত করেছিল। পরে হাইকোর্টের নির্দেশে তিনি চূড়ান্ত পরীক্ষায় অংশ নিলেও ক্লাস, ল্যাবরেটরি ও আবাসিক হলসহ মৌলিক সুযোগ থেকে বঞ্চিত হন। এমনকি তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের হয়, যা পরে গণমাধ্যমে সমালোচনার প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে সিন্ডিকেট তার বরখাস্তাদেশ প্রত্যাহার করে এবং চলতি বছরের সেপ্টেম্বরে একাডেমিক কাউন্সিল তাকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির অনুমতি দেয়। জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং যাচাই-বাছাই শেষে তিনি চূড়ান্ত প্রার্থী তালিকায় মনোনীত হন।
কিন্তু ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন জাকসু সংবিধানের ৪ ও ৮ ধারা উল্লেখ করে তার প্রার্থীতা বাতিল করে। নোটিশে এ সিদ্ধান্তকে “অবৈধ, স্বেচ্ছাচারী এবং সংবিধানের অনুচ্ছেদ ২৭, ৩১, ৩৮ ও ৩৯-এর লঙ্ঘন” হিসেবে উল্লেখ করা হয়েছে।
অমর্ত্য রায়ের পক্ষে আইনজীবী সারা হোসাইন নোটিশে দাবি করেন, “১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে এবং ১২ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। অন্যথায় সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট আবেদন দায়ের করা হবে।”

আপনার পছন্দ হতে পারে