জাবির ১০ নম্বর ছাত্র হল সংসদ নির্বাচনে জিএস পদে লড়ছেন ছাত্রলীগ কর্মী আদনান

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০২
A+A-
Reset

জাবি প্রতিনিধি
আসন্ন জাকসু ও হল সংসদ নির্বাচনে ১০ নম্বর ছাত্রহলের হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) কর্মী আদনান। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিভাগের শিক্ষার্থী।
হল সূত্রে জানা যায়, আদনান তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের (বর্তমান ১০ নম্বর ছাত্র হল) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী ছিলেন।
ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আদনানের কয়েকটি ছবি  ইনসাইট ঢাকা ডটকমের হাতে এসেছে। কয়েকটি ছবিতে দেখা যায় তিনি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিটনের সাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন। কয়েকটি ছবিতে দেখা যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা বটতলার রাস্তায় চেয়ার পেতে আলাপ করছেন সেখানে তিনি উপস্থিত রয়েছেন।
হলটির ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জানিয়েছেন, মূলত জুম্মার নামাজের শেষে লিটনের কাছে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিতেন। এ ছাড়া শুক্রবারে দুপুরে বটতলার রাস্তায় ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রভাব দেখাতে রাস্তার মাঝখানে বেঞ্চি বসিয়ে আড্ডা দিতেন এবং সাংগঠনিক আলাপ আলোচনা করতেন। এসব ছবি মূলত ওই সময়ের ছবি। তবে আদনান ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন হলের শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে আদনান বলেন, গণরুমে থাকার সময় যখন ৬০-৭০ জন সিনিয়র এসে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য চাপ দিতো তখন আসলে অন্য কোনো উপায়ও ছিলো না যাওয়া ছাড়া। ফার্স্ট ইয়ারের তখনকার কিছু ছবি নিয়ে মানুষ ট্যাগিং দিচ্ছে। ক্যাম্পাসে নতুন হিসেবে যখন এসেছিলাম তখন ভয়ে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া হয়েছিলো। কিন্তু পরবর্তীতে আমি কোনো কিছুর সাথে যুক্ত ছিলাম না। কিংবা এক্টিভ পলিটিশিয়ান হিসেবেও ছিলাম না। গনরুমের দুই-একটা এমন ঘটনা নিয়ে এখন অভিযোগ দেওয়া আসলে ট্যাগিং ছাড়া কিছুই না। আমাকে নির্বাচনে পিছিয়ে দেওয়ার জন্যে উদ্দেশ্যমূলকভাবে এসব তুলে আনছে।

আপনার পছন্দ হতে পারে