জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদলের ঘোষিত প্যানেলে জায়গা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শাখা ছাত্রদল নেত্রী সৈয়দা অনন্যা ফারিয়া।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ অদম্য-২৪ এর সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অনন্যা ফারিয়া বলেন, আমার ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করার কথা ছিলো কিন্তু আল্টিমেটলি আমি সেই প্যানেল থেকে নির্বাচন করছি না। এই প্যানেলে কারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে তার থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কে কার লোক সেই দিকে। আমার কাছে সুযোগ ছিল সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে নির্বাচন করার কিন্তু যে প্যানেল শিক্ষার্থীবান্ধব না সেই প্যানেলে আমি নৈতিকতার জায়গা থেকে একমত হতে পারি না।
তিনি আরও বলেন, যারা আজকে প্যানেল পেলেন তারা শিক্ষার্থীদের জন্য কতটুকু কাজ করতে পারবে সে ব্যাপারে আমি সন্ধিহান। কারণ এখানে গ্রুপিংয়ের কাছে জিম্মি হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে প্যানেলের সূচনা হয়েছে ‘আমার মানুষ’ এই চিন্তা করে সেই প্যানেল ভবিষ্যতে শিক্ষার্থীদের প্যানেল হয়ে উঠবে কিভাবে? আপনারা যে প্যানেলটা দেখেছেন এখানে যতটুকু শিক্ষার্থী কিংবা জাকসুর কথা ভাবা হয়েছে তার থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে গ্রুপগুলোর চাহিদা মেনে নিতে। এজন্য আমি শিক্ষার্থীদের কাছে এই সুযোগটা তৈরি করতে চাই যে, যারা যোগ্য তাদেরকে ভোট দেওয়ার সুযোগটা যেন শিক্ষার্থীরা পায়।