খুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যবিপ্রবি

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ ২১:১৪ আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ০৪:৩৮
A+A-
Reset

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘চতুর্থ নৈয়ায়িক ন্যাশনালস-২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেটিং ক্লাব।

গতকাল শনিবার ফাইনাল রাউন্ডে তারা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ডিবেটিং ক্লাবকে পরাজিত করে।

চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিলো – ‘এই সংসদ, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ভঙ্গের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে রাজনৈতিক দলগুলিকে বেশি দায়ী মনে করে।’ প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়ে যুক্তিতর্কে লড়াই করে যবিপ্রবি ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। ডিবেটর অব ফাইনাল নির্বাচিত হন বিইউপি ডিবেটিং ক্লাবের লিমন এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী ইউনিভার্সিটি ডিবেট ফোরামের ফাহিম।

প্রতিযোগিতা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বিতর্ক আত্ম-উন্নয়নের উৎকৃষ্ট ক্ষেত্র এবং এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে মূল্যবান অভিজ্ঞতা তৈরি করে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক যুগান্তর সম্পাদক, কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ গঠনে তরুণ বিতার্কিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এ ধরনের প্রতিযোগিতা যোগ্য নাগরিক তৈরিতে সহায়ক। তিনি জুলাই আন্দোলনের শহিদদের স্মরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক। তারা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের মুক্তচিন্তা, যুক্তিবোধ, দলগত নেতৃত্ব ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সহায়তা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৈয়ায়িক সভাপতি হিজবুল্লাহ তামিম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক খালিদ হোসেন। এতে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ, বিচারকমণ্ডলী ও নৈয়ায়িকের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশগ্রহণ করে।

আপনার পছন্দ হতে পারে