জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। প্রশাসনের এমন সিদ্ধান্তকে হঠকারী, অদূরদর্শী সিদ্ধান্ত বলে মনে করছেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এমিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ২০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সকল ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি এবং মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নির্বাচনের ২১ দিন আগে থেকে প্রশাসনের নেওয়া এমন সিদ্ধান্তকে অদূরদর্শী চিন্তাভাবনা বলে মনে করছেন অংশীজনেরা।
শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনের তিন সপ্তাহে আগে থেকে মোটরসাইকেল নিষিদ্ধ করার কোনো যৌক্তিকতা তারা দেখেন না। মোটরসাইকেল নিয়ে গ্রুপ করে অথবা প্রচারণায় অংশ নেওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ করতে পারতো প্রশাসন। কিন্তু ঢালাওভাবে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী বলেন, ঢালাওভাবে মোটরসাইকেল নিষিদ্ধ না করে, আমার মনে হয় নির্বাচনকালীন কিছু স্টিকারের ব্যবস্থা করতে পারে প্রশাসন। বৈধ মোটরসাইকেল যাদের রয়েছে এবং ক্যাম্পাসের শিক্ষার্থী তাদেরকে সেসব স্টিকারগুলো দেওয়া যেতে পারে। আর নির্বাচনকে কেন্দ্র করে একসাথে গ্রুপ করে বাইক শোডাউন বা প্রচারণা করা যাবেনা সেসব নিয়ে স্পষ্ট করে নিষেধাজ্ঞা দেওয়া উচিত।
বিষয়টি নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন খোদ নিরাপত্তা শাখার সাথে সংশ্লিষ্টরা। তারা বলছেন, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে স্পষ্ট করা নেই কারা মোটরসাইকেল চালাতে পারবেন আর কারা পারবেন না। নির্বাচনের অনেকদিন বাকি এরমধ্যে কোনো শিক্ষার্থী, কর্মচারী কিংবা গণমাধ্যম কর্মীরা যদি মোটরসাইকেল নিয়ে চলাচল করেন তাহলে তারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সম্ভব হয়নি।