ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনবিরোধী অবস্থান করা ১৯ শিক্ষককে শোকজ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শোকজকৃত শিক্ষকরা হলেন, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ব্যবস্থপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, আইসিটির অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও অধ্যাপক ড. রবিউল হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান।
অধ্যাপক ড. আখতারুল ইসলাম জিলু ও সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও অধ্যাপক ড. সেলিনা নাসরিন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. শহিদুল ইসলাম, অর্থনীতির অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয়স্ত্রী সেন।
আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও অধ্যাপক ড. রেবা মণ্ডল, আল ফিকহ এন্ড ল’ বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক।
তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তাদের হুমকি, ভীতি প্রদর্শন, গালাগালি, মিছিলে উসকানিমূলক স্লোগান প্রধান, পুলিশি গ্রেফতার, হয়রানি ইত্যাদি অভিযোগ উঠে আসে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্ত শিক্ষকদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হয়।
প্রসঙ্গত, জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের সময় যে-সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী বিরোধী ভূমিকায় ছিলেন তাদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষকের নাম উঠে এসেছে। সেজন্য শোকজ নোটিশ দিয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
ইবি/মাওয়াজুর রহমান