জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল অনুযায়ী আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল চারটা এবং পরদিন ১৯ আগস্ট সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত দুদিন মনোনয়ন সংগ্রহ এবং জমাদান করা যাবে। তবে যিনি প্রার্থী হবেন শুধু তিনিই মনোনয়ন জমা দিতে পারবেন।
গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মনোনয়নপত্র সংশ্লিষ্ট সাতটি নির্দেশনা দিয়েছে জাকসুর নির্বাচন কমিশন। নির্দেশনাগুলো হলো:
১. একজন প্রার্থী একাধিক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
২. প্রতিটি মনোনয়নপত্রে একজন প্রস্তাবক ও একজন সমর্থকের নাম, শিক্ষাবর্ষ, বিভাগ উল্লেখ সমেত স্বাক্ষর প্রদান করতে হবে।
৩. একইব্যক্তি একাধিক প্রার্থীর সমর্থক বা প্রস্তাবক হতে পারবে না। মনোনয়নপত্র পূরণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে, কার্যকরী সদস্য পদ ব্যতিত অন্যান্য পদে একজন শিক্ষার্থী কেবলমাত্র একজন প্রার্থীর নাম প্রস্তাব/সমর্থন করতে পারবেন; একাধিক প্রার্থীর নাম প্রস্তাব/সমর্থন করতে পারবেন না। অনুরূপভাবে প্রস্তাবিত কোনো প্রার্থী তাঁকে যে পদের জন্য প্রস্তাব এবং সমর্থন করা হয়েছে, সে পদে তিনি অন্য কোনো প্রার্থীর নাম প্রস্তাব/সমর্থন করতে পারবেন না। তবে কার্যকরী সদস্য পদের জন্য একজন প্রস্তাবক/সমর্থক হিসাবে সর্বোচ্চ ছয় জন (তিনজন নারী ও তিনজন পুরুষ) প্রার্থীর নাম সুপারিশ করতে পারবেন।
৪. মনোনয়নপত্র গ্রহণকালে একজন শিক্ষার্থীকে আবশ্যিকভাবে তার পরিচয়পত্র/ছবিযুক্ত লাইব্রেরী কার্ড/ইনডেক্স কার্ড প্রদর্শনপূর্বক তার পরিচিতি নিশ্চিত করতে হবে।
৫. একজন প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় ও হলের যাবতীয় পাওনা পরিশোধের প্রমাণপত্র প্রদর্শন করে মনোনয়নপত্র গ্রহণ করতে হবে।
৬. প্রার্থীকে সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি মনোনয়নপত্রের সাথে জমা দিতে হবে (দুই মাস আগে তোলা ছবি গ্রহণযোগ্য নয়)।
৭. সকল হলে প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের ক্ষেত্রে পৃথক রেজিস্ট্রার খাতা সংরক্ষণ করতে হবে।