জাবিতে হল থেকে সাবেক শিক্ষার্থীদের বের করতে প্রশাসনের অভিযান ঘিরে বিক্ষোভ, উত্তেজনা

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫ ০৩:০৪ আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ০৮:৩৮
A+A-
Reset

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে জাকসু নির্বাচন সম্পন্ন করতে আবাসিক হল থেকে সাবেক শিক্ষার্থীদের বের করতে অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ অভিযান পরিচালনা করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে প্রশাসন।

গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলে অভিযানকালে এ ঘটনা ঘটে। হলটিতে অভিযান শেষে রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আব্দুর রব ফিরে যাওয়ার সময় তার গাড়িতে কয়েকজন মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী আঘাত করলে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বের করতে অভিযান চালায় প্রশাসন। অভিযান পরিচালনার সময় কয়েকটি বন্ধ কক্ষ সিলগালা করেন তারা। আর মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের রোববার সকাল ১০ টার মধ্যে চলে যেতে নির্দেশ দেন।  অভিযান পরিচালনার এক পর্যায়ে হলের মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীরা হল ছাড়বেন না জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এরপর রাত সাড়ে এগারোটার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব তার গাড়িতে করে চলে যাওয়ার পথে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের কয়েকজন তার গাড়িতে হাত দিয়ে আঘাত করেন। তখন আব্দুর রব গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তখন ঘটনাস্থলে প্রক্টর আসেন এবং “এটা কোন ধরনের আচরণ” জানতে চান। তখন শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যান এবং  বিভিন্ন স্লোগান দেন। এতে উত্তেজনার সৃষ্টি হয়।

অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একেএম রাশিদুল আলম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, উপ-উপাচার্য( প্রশাসন) সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) মাহফুজুর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, জাকসু নির্বাচনকে সুষ্ঠু করতে আমরা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছি। হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তাই অভিযান পরিচালনা করেছি। একে একে সব হলে অভিযান পরিচালনা করা হবে। তবে হলটিতে অভিযান পরিচালনার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং ট্রেজারার স্যারের সঙ্গে শিক্ষার্থীদের ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা উপাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।

আপনার পছন্দ হতে পারে