জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ও শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইরফান আমিন পাটোয়ারী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের একাউন্ট থেকে একটি স্টাটাসের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। ওই ফেসবুকে স্টাটাসে ইরফানকে হতাশা ব্যক্ত করতে দেখা গেছে।
স্টাটাসে ইরফান হতাশা ব্যক্ত করে বলেন, যে আশা-ভরসার আশ্রয়স্থল হিসেবে ও সুষ্ঠু মানবিক পরিবর্তনের প্রত্যয় নিয়ে রাজনীতিতে অংশ নিয়েছিলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশ হয়েছিলাম, সে আশা-ভরসা পূরণ করতে পারলাম না। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা ও সব রাজনৈতিক দলের মাঝে সহাবস্থান এবং মানবিক পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা বোধহয় অধরাই থেকে গেল। সুস্থ ও স্বাভাবিক কোন মানুষের পক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে অংশগ্রহণ ও রাজনৈতিক কার্যক্রম চালানো কখনই সম্ভব নয়, হয় তাকে নিতান্ত বোকা মন-মানসিকতার হতে হবে অথবা তুচ্ছ-তাচ্ছিল্য সহ্য করে ও লজ্জা-শরম ত্যাগ করে পড়ে থাকতে হবে, নতুবা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে টিকে থাকা ও এগিয়ে যাওয়া কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়, এ দেশের রাজনীতি আমার মত মানুষের জন্য না।
পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, আজ হতে ক্যাম্পাসভিত্তিক (হল ও ক্যাম্পাস) ছাত্রদলের সব ধরণের রাজনৈতিক পদ (আহ্বায়ক কমিটির সদস্য ও হল কমিটির সাংগঠনিক সম্পাদক) থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি এবং ক্যাম্পাসভিত্তিক সব ধরণের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজের অবসর ঘোষণা করছি। যেহেতু স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছি। আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভবিষ্যৎ বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের সাথে আমার কোন ধরণের সম্পৃক্ততা থাকবে না। মহান আল্লাহ্ সবাইকে আমার কথার সঠিক মর্মার্থ বোঝার তৌফিক দান করুক, আমিন।