রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনের ঘোষণা

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫ ১৭:১৩
A+A-
Reset

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন ও বিশ্ববিদ্যালয় আইনে সে সংক্রান্ত বিধান যুক্তকরণের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে যাচ্ছে শিক্ষার্থীরা।
আগামীকাল রোববার (১৭ আগস্ট) থেকে প্রশাসনিক ভবনের সামনে এ অনশন শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন তারা।

সম্প্রতি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্রাকসু নির্বাচনের দাবিতে লিফলেট বিতরণ, স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে আন্দোলনকারীরা। তবে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এবার কঠোর কর্মসূচি হিসেবে অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা জানান, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহুবার সময় দিলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাননি। সর্বশেষ উপাচার্যকে পাঁচ দিনের আল্টিমেটাম দেওয়া হলেও তাতেও সাড়া মেলেনি। তাই রবিবার থেকে দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম সংগঠক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, “গত বছরের ৫ আগস্ট থেকে আমরা ব্রাকসু নির্বাচনের যৌক্তিক দাবি জানিয়ে আসছি। প্রশাসন এখনো পর্যন্ত শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। তাই বাধ্য হয়ে অনশনের পথে যাচ্ছি। প্রশাসন দাবি মেনে শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়ন করবে বলে আশা করছি, অন্যথায় এর দায়ভার তাদেরই বহন করতে হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “যে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে তাদের আইন আগে থেকেই পাস করা ছিল। আমরা ১০৮তম সিন্ডিকেট বৈঠকে খসড়া করে ইউজিসিতে পাঠিয়েছি। ইউজিসি সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেখান থেকে রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আমরা ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারব।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন দলীয় লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে আইন প্রণয়ন করে। এরপর থেকেই সুষ্ঠু রাজনীতি চর্চার লক্ষ্যে দ্রুত ব্রাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। তবে নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার প্রায় দশ মাস পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি ছাত্র সংসদ নির্বাচন।

আপনার পছন্দ হতে পারে