চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (স্নাতক) শিক্ষার্থীদের জন্য ‘নবাগত সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান–২০২৫’ আয়োজন করতে যাচ্ছে শাখা ছাত্রশিবির।
আগামীকাল শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের বাস্কেটবল গ্রাউন্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী, ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের (ইএমএ) সাবেক সভাপতি ড. মো. আশিকুর রহমান, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মোহাইমেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ফজলুল হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রায়হান সোবহান।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
নবীনদের সংবর্ধনা প্রসঙ্গে সভাপতি মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতেই আমাদের এই আয়োজন। বিশ্ববিদ্যালয় জীবন কেমন হওয়া উচিত এবং ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে—সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমরা আশা করছি, সর্বাধিক সংখ্যক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করবে এবং তাদের আগামী জীবনের জন্য যথাযথ প্রস্তুতি নিতে সক্ষম হবে।
চবি/মো: হাসিবুর রহমান