কোটা পুনর্বহালের নাটক চলবে না, জনাব!

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫ ২০:৪৩ আপডেট: ১৫ আগস্ট ২০২৫ ০৩:০৮
A+A-
Reset

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা নামে ফের পোষ্যকোটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল হালিম।
আজ বৃহস্পতিবার আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামন বসেন তিনি। পরে পৌনে চারটার দিকে তিনি অবস্থান কর্মসূচি আজকের দিনের মত শেষ করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রেজিস্ট্রার বিল্ডিংয়ের নিচে এক শিক্ষার্থী অনশনে বসেছেন। তার পাশে একটি প্ল্যাকার্ডে লেখা, “কোটা পুনর্বহালের নাটক চলবে না, জনাব”

এ বিষয়ে আব্দুল হালিম ইনসাইট ঢাকা ডটকমকে বলেন, আমার এই অবস্থান কর্মসূচির দাবি হচ্ছে সম্পূর্ণভাবে কোটা ব্যাবস্থা বাতিল করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা ব্যবস্থা নিয়ে আমাদের সাথে নাটক করেছে। পোষ্য কোটা আবার ফিরিয়ে এনেছে। আমার প্রশ্ন হচ্ছে শিক্ষদের সন্তানরা যারা এত সুযোগ সুবিধা পায় কেন তাদের কোটা লাগবে। আমার বাবা একজন রাজমিস্ত্রি। আমি ভার্সিটির নামই শুনেছি ইন্টারমিডিয়টে ওঠার পরে। যদি পোষ্যকোটার মাধ্যমে কেউ ভর্তি হয় তাহলে আমাদের মতো দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা কি করবে? আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এবং যতদিন পর্যন্ত ভিসি স্যার এই কোটা সম্পূর্ণরূপে বাতিল না করে ততদিন আমি আমার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

প্রসঙ্গত, চলতি বছরে ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের দাবির মুখে পোষ্যকোটা বাতিল ঘোষণা করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তবে “প্রতিষ্ঠানিক সুবিধার” নামে সেই পোষ্যকোটা পুনরায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গতকাল বুধবার রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী,  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা শুধুমাত্র তার সন্তানদের ভর্তির ক্ষেত্রে এ সুবিধা ভোগ করবেন। আগে এই কোটার আওতায় ভাই-বোন ও স্ত্রী কোটা ছিল। নতুন সিদ্ধান্তে এক শিক্ষাবর্ষে সর্বোচ্চ ৪০ জন পোষ্য ভর্তি হতে পারবেন এবং একই বিভাগে সর্বোচ্চ চারজন পোষ্য ভর্তির সুযোগ পাবেন। এছাড়া একজন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-কর্মচারী এ সুবিধা শুধুমাত্র একজন সন্তানের ক্ষেত্রে পাবেন এবং যে বিভাগে পোষ্যদের বাবা-মা চাকরি করেন সে বিভাগে ভর্তি করাতে পারবেন না।

আপনার পছন্দ হতে পারে