চাঁদা দাবির ভিডিও ভাইরালের পর এনসিপির সেই নেতাকে শোকজ

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ১৪:৫৭
A+A-
Reset

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের চাঁদা চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে কারণ দর্শানোর চিঠি (শোকজ) দিয়েছে দলটি।

আজ সোমবার দুপুরে নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের সই করা চিঠিটি তাঁকে পাঠানো হয়।
এর আগে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে নিজাম উদ্দিনের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আরেক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ভিডিওটিতে আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায় তাঁকে।

চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, ‘এগুলো পুরোনো ভিডিও। এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো প্ল্যানড (পরিকল্পিত) ভিডিও। যে ভিডিও করেছে (আফতাব) সে লাইভে এসে বিস্তারিত বলবে।’ এ ঘটনায় দলের চিঠি পাওয়ার কথাও স্বীকার করেছেন নিজাম উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি যথাযথ ব্যাখ্যা পাঠিয়ে দেব।’

আপনার পছন্দ হতে পারে