মিথ্যা তথ্য দিয়ে হলেন ছাত্রদলের সভাপতি, দুদিন পর কমিটি বিলুপ্ত ঘোষণা

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ১৩:১২
A+A-
Reset

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণার দুদিনে মাথায় সমালোচনার মুখে মওলানা ভাসানী হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার সকালে ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটির সদস্য (সহ-দপ্তর চলতি দায়িত্ব) জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক মওলানা ভাসানী হল শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি শীঘ্রই নিয়মিত শিক্ষার্থীদের মাধ্যমে নিয়মিত কমিটি ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ এক জরুরি সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

গত শুক্রবার মওলানা ভাসানী হল ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করে শাখা ছাত্রদল। ওই কমিটিতে সভাপতি হন বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নয়।

মওলানা ভাসানী হল ছাত্রদলের কমিটি বিলুপ্তর বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য (সহ দপ্তর চলতি দায়িত্ব) জহিরুল ইসলাম বলেন, “ছাত্রত্ব না থাকার বিষয়ে তথ্য গোপন করার কারণে এবং এবং ছাত্রত্ব আছে বলে  মিথ্যা ডকুমেন্ট প্রদান করায়, সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব ওই হল শাখা কমিটি বিলুপ্ত  ঘোষণা করেছেন।”

এর আগে, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৭ টি আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। তবে এ কমিটিতে ছাত্রলীগের কর্মী, অছাত্র, হত্যামামলার আসামীসহ নানা অভিযোগে অভিযুক্তদের পদ দিয়ে সমালোচনার মুখে পড়ে শাখা ছাত্রদলের দুই শীর্ষ নেতা জহির উদ্দিন বাবর ও ওয়াসিম আহমেদ। এরপর আজ একটি হলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে তারা।

আপনার পছন্দ হতে পারে