গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

by অনলাইন ডেস্ক
Site Favicon প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫ ১৭:১৭
A+A-
Reset

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ মঙ্গলবার দুপুরে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী নূর-এ তামিম বলেন, আমরা দেখেছি গত দুইদিন আগে রংপুরের গঙ্গাচড়ায় এক যুবক তার ফেসবুকে একটি স্টাটাস দিয়েছেন। যদি ধরেই নিই তিনি ফেসবুক মারফত ধর্মকে অবমাননা করেছেন কিংবা কটুক্তি করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। এর মাধ্যমে আমরা দেখতে পেলাম একটি ধর্মকে অবমাননা করায় পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলো।

কিন্তু তারপরে আমরা দেখলাম প্রতিবাদের নাম করে, মাইকিং করে আন্দোলনকারী জড়ো করে গঙ্গাচড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের প্রায় ১৫ থেকে ১৭ বাড়িতে ভাঙচুর, লুটপাট করা হলো। এটি কিন্তু এমন না, যে দোষী তার খোজ পাওয়া যাচ্ছে না, সে পালিয়ে গেছে বা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা দেখেছি মাইকিং করে আন্দোলনকারী জড়ো করে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হলো এবং সেই আক্রমণের পর ওই একালার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের দীর্ঘদিনের বসতবাড়ি রেখে নিজেদের এলাকা ছেড়ে চলে  যাচ্ছে।

আর এই ঘটনাগুলো ঘটছে পুলিশ এবং সেনাবাহিনীর সামনে যেগুলো আমরা বিভিন্ন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি৷ এই ঘটনাটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য উদ্বেগজনক নয় বরং সকল সাধারণ মানুষের জন্য এটা উদ্বেগপূর্ণ।

তিনি আরও বলেন, এই ইন্টেরিমের আমলে আমাদের সকলের প্রত্যাশা ছিলো এমন একটি বাংলাদেশ হবে যেটা হবে ধর্মীয় সম্প্রতির এবং সামাজিক সম্প্রতির। কিন্তু এই সরকারের আমলে সকল মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে না। আমাদের দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতহানার নামে রাজনৈতিকভাবে মব সৃষ্টি করে এরকম ঘটনা যদি ঘটতেই থাকে তাহলে আমাদের বলতে হয় এ দেশে দক্ষিণপন্থীদের উত্থান ঘটেছে, যেটা কোনোভাবেই ভালো দিকে যাচ্ছে না।

আপনার পছন্দ হতে পারে